চার্টার্ড সেক্রেটারি দিবস উপলক্ষে আইসিএসবি দিনব্যাপী কর্মসূচী

চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
র্যালিতে আইসিএসবির প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান সদস্য, শিক্ষার্থী, করপোরেট ব্যক্তিত্ব, অংশীজন এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা চার্টার্ড সেক্রেটারি পেশার গুরুত্ব ও করপোরেট সুশাসনে এর ভূমিকা তুলে ধরেন।
উল্লেখ্য, চার্টার্ড সেক্রেটারিজ আইন ২০১০ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। এ বছর সেই স্বীকৃতির ১৬ বছর পূর্তি উপলক্ষে দিবসটি বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপন করা হচ্ছে।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আলোচনা সভা, আনুষ্ঠানিক কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ ও অগ্রযাত্রা নিয়ে স্মৃতিচারণমূলক আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় চার্টার্ড সেক্রেটারিদের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

