এই গরমে মরেই যাব: সালমান এফ রহমান

তীব্র গরমে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার (২১ মে) সকালে মানি লন্ডারিংয়ের পৃথক দুই মামলায় হাজিরা দিতে আদালতে নেওয়ার সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “এই গরমে এসব পরে মরেই যাব। অনেক গরম, খুব গরম।”
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় সালমান এফ রহমান, আনিসুল হক এবং সাদেক খান-কে একটি প্রিজন ভ্যানে করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।
আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর পর সালমান এফ রহমানকে হাতকড়ার পাশাপাশি নিয়ম অনুযায়ী বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে দেয় পুলিশ। তখনই তিনি গরম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে একে একে গাড়ি থেকে নামানো হয় আনিসুল হক ও সাদেক খানকে। তাদেরও কড়া পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, মানি লন্ডারিং আইনের পৃথক দুই মামলায় এদিন তাদের হাজিরার দিন ধার্য ছিল।
এদিকে, এই তিনজনকে আদালতে আনার প্রায় পাঁচ মিনিট পর আরেকটি প্রিজন ভ্যানে করে হাজির করা হয় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আদালতে আনা হয়।
প্রিজন ভ্যান থেকে নামার সময় পলকের মাথায় কোনো হেলমেট ছিল না। তিনি পুলিশের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন। ব্যথা এখনও রয়েছে।” তবে কোন হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। পরে তাকেও পুলিশের পাহারায় হাজতখানায় নেওয়া হয়।
