গাজা যুদ্ধবিরতি নিয়ে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র ও হামাস

মিশরের রাজধানী কায়রোতে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও হামাস। সংবাদমাধ্যম সিএনএন সূত্রের বরাতে জানায়, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়ে লাইটস্টোন এবং হামাসের পক্ষে প্রধান আলোচক ছিলেন খলিল আল-হাইয়া।

মার্কিন পররাষ্ট্র দফতর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিশ্লেষকদের মতে, গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। হামাসের পক্ষ থেকে গাজায় ইসরাইলি হামলা বন্ধ, মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং অবরোধ শিথিলের দাবি জানানো হয়। একই সঙ্গে এসব শর্ত পূরণ না হলে পরবর্তী ধাপে অগ্রসর হওয়া সম্ভব নয় বলে জানানো হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সূত্র জানায়, ইসরাইল প্রথম ধাপ বাস্তবায়নে রাজি থাকলেও এর বিনিময়ে হামাসের অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি চেয়েছে। তবে হামাস এ প্রস্তাবকে অসম ভারসাম্যপূর্ণ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।

গাজায় হামলা বন্ধ এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছে হামাস। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরাইলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা, নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক বাহিনীর সম্ভাব্য মোতায়েনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অনির্ধারিত রয়েছে।